
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, একটি মানবিক, শিক্ষিত ও সুশাসিত ফটিকছড়ি গড়তে গণমাধ্যমের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি গণমাধ্যমকে সমাজের ‘সজাগ চোখ’ হিসেবে অভিহিত করে বলেন, এই চোখ যদি সজাগ ও দায়িত্বশীল থাকে, তবে সমাজে অনিয়ম, দুর্নীতি ও অবিচার টিকতে পারে না।
রোববার (১ ফেব্রুয়ারি) ফটিকছড়ি উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নুরুল আমিন বলেন, “সাংবাদিকতা কেবল খবর পরিবেশনের মাধ্যম নয়; এটি সমাজের সত্য ও অন্যায়ের পার্থক্য নির্ধারণের শক্তিশালী হাতিয়ার। সাংবাদিকদের সৎ ও বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমেই একটি নিরাপদ ও বাসযোগ্য ফটিকছড়ি গড়ে তোলা সম্ভব।”
তিনি উপজেলার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার বিস্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনমত গঠনে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির নাজিম উদ্দীন শিকদার, চট্টগ্রাম আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর জেলা সমন্বয়ক আকরামুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী বেলাল উদ্দিন, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদ ও নাজিরহাট পৌরসভা জামায়াতের সভাপতি বায়েজিদ হাসান মুরাদ প্রমুখ।
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা ফটিকছড়ির বিদ্যমান সমস্যা, উন্নয়নের সম্ভাবনা ও প্রতিবন্ধকতাগুলো প্রার্থীর সামনে তুলে ধরেন। খোলামেলা আলোচনায় স্থানীয় সংকট নিরসনে পারস্পরিক সহযোগিতার বিষয়ে ঐকমত্য প্রকাশ করা হয়।