
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল্লাহ আল ফারুক (দাঁড়িপাল্লা প্রতীক) বিএনপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, “এবারের নির্বাচনে বিএনপি সারা দেশে অজস্র ঋণখেলাপিকে দলীয় মনোনয়ন দিয়ে ভোটের মাঠে নামিয়েছে। এর মাধ্যমে তারা মূলত দুর্নীতিবাজ ও দুর্নীতিকেই প্রশ্রয় দিয়েছে।”
রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের সবুজবাজারে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল্লাহ আল ফারুক প্রশ্ন রেখে বলেন, “যারা অতীতে ক্ষমতায় না থেকেও ব্যাংকের হাজার হাজার কোটি টাকা ঋণের নামে লুট করেছে, তারা ক্ষমতায় গেলে দেশের ব্যাংকিং খাতের কী অবস্থা হবে—তা জনগণকে ভাবতে হবে।”
উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, চকরিয়া–পেকুয়ার যেসব এলাকায় এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি এবং জনগণ নাগরিক সুবিধা বঞ্চিত হয়েছে, নির্বাচিত হলে সেসব এলাকায় অগ্রাধিকারভিত্তিতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
রাজাখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার শওকত ওসমানের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, সেক্রেটারি ডা. নুরুল কবির, বারোবাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদি এবং হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ বাবর।
এর আগে আবদুল্লাহ আল ফারুক রাজাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। পথসভাকে ঘিরে সেখানে দলীয় নেতাকর্মী ছাড়াও হাজারো সাধারণ মানুষের সমাগম ঘটে।