
চট্টগ্রামের পটিয়ায় সাবেক ছাত্রদল নেতা মো. সোহেল হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ কায়েসকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল।
গ্রেপ্তার মোহাম্মদ কায়েস পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা এলাকার ইউসুফ সওদাগরের ছেলে। তিনি ২০১৬ সালে পটিয়া কাশিয়াইশ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
বাকলিয়া থানার এএসআই মো. মিজান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০২২ সালের ২২ এপ্রিল পটিয়া উপজেলার বুধপুরা বাজার এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ সোহেল (৩৮)। নিহত সোহেল ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (সিএমসিসিআই) সভাপতি এবং কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের ভাগ্নে।
ওই ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাসেম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোহাম্মদ কায়েসকে প্রধান আসামি করা হয়। মামলার অন্য আসামিরা হলেন—মোহাম্মদ শরীফ, মোহাম্মদ মনছুর, মোহাম্মদ সুমন, মোহাম্মদ জাহাঙ্গীর, জসিমুল আনোয়ার খান, মোহাম্মদ আজগর ও কায়সার উদ্দিন জনি। দীর্ঘদিন ধরে প্রধান আসামি কায়েস পলাতক ছিলেন।
বাকলিয়া থানার ডিউটি অফিসার ও এএসআই রুমা বড়ুয়া জানান, পটিয়া থানার সোহেল হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কায়েসকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করেছে। যেহেতু হত্যা মামলাটি পটিয়া থানায় দায়ের করা, সেহেতু আইনি প্রক্রিয়া শেষে আসামিকে পটিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।