
সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি আর্ট গ্যালারিতে প্রমিত উচ্চারণ ও আবৃত্তি নির্মাণ বিষয়ে দুই দিনব্যাপী এক কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্মশালা শেষে অংশগ্রহণকারী ২০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়।
শনিবার (৩১ জানুয়ারি) সমাপনী দিনে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য সাংবাদিক ও দৈনিক ‘দি পিপলস ভিউ’র সম্পাদক ওসমান গনি মনসুর। তিনি তার বক্তব্যে মাতৃভাষার শুদ্ধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মাতৃভাষার উৎকর্ষ সাধনে প্রমিত উচ্চারণের কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে শুদ্ধ উচ্চারণে কথা বলা ও আবৃত্তি চর্চায় উদ্বুদ্ধ করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ।
সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি ও বাচিক শিল্পী হাসান জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক বাচিক শিল্পী দেবাশীষ রুদ্র, উপস্থাপক ও বাচিক শিল্পী দিলরুবা খানম এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. সাজ্জাত হোসেন।
দুই দিনব্যাপী এই নিবিড় কর্মশালায় প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন বাচিক শিল্পী হাসান জাহাঙ্গীর, দেবাশীষ রুদ্র, দিলরুবা খানম, সুবর্ণা চৌধুরী ও সঞ্জয় পাল। সম্পূর্ণ কর্মশালাটি পরিচালনা ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন বাচিক শিল্পী মেজবাহ উদ্দিন চৌধুরী। সনদ প্রদান অনুষ্ঠানটিও তিনি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, প্রমিত উচ্চারণের প্রয়োজনীয়তা এবং আবৃত্তি নির্মাণের কলাকৌশল সম্পর্কে তারা অনেক কিছু শিখতে পেরেছেন। কর্মশালা থেকে প্রাপ্ত অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ পথচলায় সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।