
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বিএনপির বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বলেছেন, বিএনপি এখন আর জিয়াউর রহমান বা খালেদা জিয়ার দল নেই; এটি ভাড়াটে, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে।
তিনি মন্তব্য করেন, একটি ব্রিজ ভেঙে পড়ে থাকলেও সেখান থেকেও তারা চাঁদা তোলে। বেগম জিয়া অসুস্থ হওয়ার পর দলটি আবারও বেপরোয়া চাঁদাবাজিতে জড়িয়েছে। চাঁদাবাজদের সঙ্গে থেকে আমি জাহান্নামে যেতে রাজি নই।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ায় ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কের অভিযোগ তুলে অলি আহমদ বলেন, বিএনপি এখন বিদেশি প্রভাবের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে। এরশাদকে একসময় একটা চেইন লাগানো হয়েছিল, তার ভাই জিএম কাদেরকে লাগানো হয়েছিল দুইটা। আর এখন যারা আমাদের বিরুদ্ধে নির্বাচন করছে, তারা তিনটা চেইন লাগিয়েছে ভারতে। বিএনপিও এখন ভারতে তিনটি চেইনে বাঁধা।
তিনি আরও বলেন, জাতি যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আমরা যুদ্ধ করেছিলাম এই দেশের স্বাধীনতা রক্ষা করতে। এখন একটি দল দালালি করছে, অন্যের ইচ্ছায় চলছে। নিজেদের সিদ্ধান্তে তারা কিছুই করতে পারে না।
সমাবেশে অলি আহমদ ভোটারদের সতর্ক করে বলেন, সঠিক নেতৃত্ব বেছে না নিলে দেশ আবার অন্ধকারে নিমজ্জিত হবে।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া ১১ দলীয় জোটের শীর্ষ নেতারাও মঞ্চে উপস্থিত ছিলেন।