সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

১২ তারিখে মাপা হবে কার কত ওজন, ফারুকের হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়ে জামায়াত আমির

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ২ ফেব্রুয়ারী ২০২৬ | ৮:৫০ অপরাহ্ন


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান প্রতিপক্ষকে ইঙ্গিত করে বলেছেন, অনেকে ভয় দেখাচ্ছে—নাকি তার (আবদুল্লাহ আল ফারুক) বিরুদ্ধে হেভিওয়েট আছে। ইনশাআল্লাহ, ১২ ফেব্রুয়ারি তারিখেই ওয়েট মাপা হয়ে যাবে। জনগণের রায় যেদিকে পড়বে, সেটাই হবে প্রকৃত হেভিওয়েট।

সোমবার (২ ফেব্রুয়ারি) জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কক্সবাজার মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় ভাষণের একপর্যায়ে জামায়াতে ইসলামীর আমীর হাত উঁচিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন।

এ সময় তিনি উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, আপনারা এই ভাইকে চিনেন? ফারুককে চিনেন আপনারা? এরপর তিনি আব্দুল্লাহ আল ফারুককে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, আগামী বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়েই আমরা দেশকে এগিয়ে নেব।

জনসভায় কক্সবাজার জেলার অপর তিনটি সংসদীয় আসনের প্রার্থীদের হাতেও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন আমীরে জামায়াত। তিনি বলেন, জনগণের ভোটের মাধ্যমেই সব প্রতিদ্বন্দ্বিতার ফয়সালা হবে।

জামায়াত নেতারা দাবি করেছেন, সোমবারের এই জনসভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ৭ লাখ নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটেছে, যা মুক্তিযোদ্ধা মাঠ ছাপিয়ে আশপাশের এলাকায় জনসমুদ্রে রূপ নেয়।