
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের আওতাধীন চকরিয়া উপজেলায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার মোট ১৩০টি ভোটকেন্দ্রকে অনলাইন ক্যামেরার আওতায় আনা হচ্ছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং কেন্দ্রগুলোকে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে এই অনলাইন ক্যামেরা স্থাপন করা হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ভোটকেন্দ্রভিত্তিক অনলাইন ক্যামেরা স্থাপনের সম্ভাব্য স্থান নির্ণয় এবং পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। ওসি মো. মনির হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর আলম মাসুম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একাধিক টিম চকরিয়া উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে ক্যামেরা স্থাপনের স্থান পরিদর্শন করেন এবং পরীক্ষামূলকভাবে অনলাইন সংযোগ যাচাই করেন।
পরিদর্শনকালে ওসি মনির হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা বিভিন্ন ভোটকেন্দ্র এলাকার পাশাপাশি সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোও পরিদর্শন করেন। এ সময় তারা স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুন্দর রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
অপরদিকে, একই দিন সকালে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকার একাধিক ভোটকেন্দ্রের বর্তমান সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।