সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

র‍্যাব বদলে হচ্ছে ‘এসআইএফ’

নাম, পোশাক ও কাঠামোতে আমূল পরিবর্তনের সিদ্ধান্ত
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৩ ফেব্রুয়ারী ২০২৬ | ২:৩০ অপরাহ্ন


নানান বিতর্কের মুখে থাকা এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব-এর নাম ও কাঠামোতে আমূল পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বাহিনীটির নতুন নাম দেওয়া হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’। শুধু নাম নয়, বাহিনীটির পোশাক, লোগো এবং কার্যক্রমেও আসছে বড় ধরনের পরিবর্তন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, খুব শিগগিরই এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে।

২০০৪ সালে গঠিত হওয়ার পর থেকেই র‍্যাবের বিরুদ্ধে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠতে থাকে। এরই পরিপ্রেক্ষিতে ২০২১ সালে যুক্তরাষ্ট্র র‍্যাব এবং এর শীর্ষ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এছাড়া সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) দীর্ঘদিন ধরে বাহিনীটি বিলুপ্তির সুপারিশ করে আসছিল।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বাহিনীটির অতীত কার্যক্রম ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বিষয়গুলো মাথায় রেখে একে আরও স্বচ্ছ ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্রান্স, ইতালি বা ইংল্যান্ডের মতো দেশগুলোতে এলিট ফোর্স যেভাবে কাজ করে, সেই আদলে এসআইএফ-কে সাজানো হবে।”

সরকার জানিয়েছে, র‍্যাব থেকে এসআইএফ-এ রূপান্তরের প্রক্রিয়াটি কেবল নামেই সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতে যেন মানবাধিকার লঙ্ঘনের মতো কোনো অভিযোগ না ওঠে, সেজন্য ইউরোপের উন্নত দেশগুলোর এলিট ফোর্সের কর্মপদ্ধতি নিবিড়ভাবে পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী, এসআইএফ-কে এমনভাবে গঠন করা হবে যেন তা আইনসম্মত ও জবাবদিহিমূলক উপায়ে কাজ করে।

র‍্যাব বিলুপ্তির দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিল বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ সম্প্রতি একে ‘গ্যাংগ্রিন’-এর সঙ্গে তুলনা করে পুরোপুরি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন। তবে সরকার বাহিনীটিকে সম্পূর্ণ বিলুপ্ত না করে নতুন নাম ও কাঠামোর মাধ্যমে সংস্কারের পথ বেছে নিয়েছে।

বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, পুলিশের মনোবল এখন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। দিন-তারিখ ঘোষণার পর পরিস্থিতি উৎসবমুখর থাকবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে।

এদিকে সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক (অপারেশন অ্যান্ড প্ল্যান) ব্রিগেডিয়ার জেনারেল আলী হায়দার সিদ্দিকী জানিয়েছেন, নির্বাচন উপলক্ষে সশস্ত্র বাহিনীর সদস্যরা ইতিমধ্যে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় পৌঁছে গেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয়ভাবে কাজ করছেন।