
চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, হাটহাজারীর জনগণের দেখভাল ও খেদমত করতেই তিনি মাঠে নেমেছেন। তিনি স্পষ্ট করে বলেন, ক্ষমতার লোভ নয়, বরং সমাজের ইতিবাচক পরিবর্তনের লক্ষ্য নিয়েই তিনি রাজনীতি করছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে হাটহাজারী উপজেলার ৫ নম্বর নাঙ্গলমোড়া ইউনিয়নে আয়োজিত এক বিশাল পথসভা ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার মীর হেলাল বলেন, আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে বিগত ১৭ বছরের সব অপ্রাপ্তি ও উন্নয়ন বঞ্চনার দুঃখ আমি ঘুচিয়ে দিতে চাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। আমি কথা দিচ্ছি, হাটহাজারীকে সারা বাংলাদেশের জন্য একটি অনুকরণীয়, উন্নত, সমৃদ্ধ ও আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।
এর আগে মঙ্গলবার দিনব্যাপী তিনি নাঙ্গলমোড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে এবং হাট-বাজার, মার্কেট ও দোকানপাটে ব্যাপক গণসংযোগ করেন। তিনি স্থানীয় শ্রমজীবী ও পেশাজীবীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। পরে ইউনিয়নের ঐতিহ্যবাহী ইব্রাহিম পেটেন মঞ্জিল মাঠে আয়োজিত মূল পথসভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি একটি শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধ হাটহাজারী গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
পথসভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শহীদুল্লাহ দিলু এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক সেলিম হাসান।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মীর কাসেম, উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ গিয়াস উদ্দিন চেয়ারম্যান, সাবেক কৃষিবিষয়ক সম্পাদক আব্দুর রশিদ মেম্বার, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক আহ্বায়ক হারুন রশীদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লায়ন ড. সালাউদ্দীন আলী।
আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মুন্সী ও দিদারুল আলম মুন্সী, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির তালুকদার এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল ইসলাম চৌধুরী তকি। এছাড়া স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, সমাজসেবক, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা সমাবেশে অংশ নেন।