
চট্টগ্রাম-৬ (রাউজান) সংসদীয় আসনে গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী ও মাথাল প্রতীকের প্রতিদ্বন্দ্বী নাছির উদ্দীন তালুকদার ১১ দফা জনবান্ধব নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তিনি রাউজানকে একটি ভয়মুক্ত, নিরাপদ ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রাউজান উপজেলার পথেরহাট এলাকার একটি সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।
‘আপনার মতামত, আমাদের ইশতেহার’—এই স্লোগানকে সামনে রেখে ঘোষিত ১১ দফা ইশতেহারে নাছির উদ্দীন তালুকদার নতুন রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্দোবস্ত কায়েম করার অঙ্গীকার করেন। তার ইশতেহারের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে ভয়মুক্ত ও নিরাপদ রাউজান গড়ে তোলা, পাবলিক সার্ভিসে ওয়ান স্টপ সার্ভিস চালু করা, শিক্ষার সমান সুযোগ নিশ্চিতকরণ, কৃষকদের অধিকার ও মর্যাদা রক্ষা, প্রবাসী বিনিয়োগ উৎসাহিতকরণ, নারীর কর্মসংস্থান বৃদ্ধি এবং মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতকরণ।
লিখিত ইশতেহার পাঠ শেষে প্রার্থী নাছির উদ্দীন তালুকদার বলেন, এই দফাগুলো বাস্তবায়ন করতে হলে রাউজানবাসীর সার্বিক সহযোগিতা প্রয়োজন। তিনি আগামীর সমৃদ্ধ রাউজান গড়তে মাথাল প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
রাউজানে মাথাল প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট মো. মোরশেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন রাউজান উপজেলা সমন্বয়কারী খালেদ আহমেদ, নির্বাহী সমন্বয়কারী উত্তম দাশ, চট্টগ্রাম মহানগরের যুগ্ম নির্বাহী সমন্বয়কারী অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন মানিক, রাউজান উপজেলা সদস্য সাজ্জাদ হোসেন, আফতাব উদ্দিন ও আজম উদ্দিন।
এছাড়াও যুব ফেডারেশন রাউজান উপজেলা যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী ওয়াহিদুজ্জামান, ছাত্র ফেডারেশনের নেতা আজাদ হোসেন, আরিফ হক, মো. আকাব, পালাশ দে, শওকত ওসমান তৌকির, তামিম ও আবিদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রার্থীর ইশতেহারের প্রতি সমর্থন জানান।