সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ডুলাহাজারায় মাঠ চষে বেড়াচ্ছে পুলিশ, নিরাপত্তা নিশ্চিতে ওসির গণসংযোগ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ৪ ফেব্রুয়ারী ২০২৬ | ১০:২৭ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে তদারকি শুরু করেছে চকরিয়া থানা পুলিশ। এরই অংশ হিসেবে বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

পরিদর্শনকালে ওসি মনির হোসেন ভোটকেন্দ্র এলাকার স্থানীয় জনসাধারণ, বিশেষ করে খ্রিস্টান ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে মতবিনিময় করেন। তিনি সংখ্যালঘু সম্প্রদায়কে আশ্বস্ত করে বলেন, “নিরাপত্তা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দেবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের নিরাপত্তায় সর্বদা পাশে থাকবে।”

বুধবার দুপুরে ওসি মো. মনির হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর আলম মাসুম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি টিম ডুলাহাজারা ইউনিয়নের রিংভং, ছগিরশাহকাটা, চা বাগান, ডুমখালী, মিঠাছড়ি এবং ডুলাহাজারা বাজার এলাকার ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন।

চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন বলেন, “নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক ও সুন্দর রাখতে করণীয় নির্ধারণে আমরা মাঠপর্যায়ে কাজ করছি। বুধবার ডুলাহাজারার বিভিন্ন কেন্দ্রে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং অনলাইন ক্যামেরা স্থাপনের প্রস্তুতি তদারকি করা হয়েছে।”

তিনি আরও জানান, চকরিয়া উপজেলার ১৩০টি ভোটকেন্দ্রেই অনলাইন ক্যামেরা চালু থাকবে, যা সরাসরি মনিটরিং করা হবে। তিনি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো প্রয়োজনে পুলিশকে তথ্য দিয়ে সর্বাত্মক সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।