সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বাঁশখালীতে সেনা অভিযান: সিসিটিভি লাগিয়ে মাদক ব্যবসা, স্বামী পালালেও স্ত্রী আটক

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৫ ফেব্রুয়ারী ২০২৬ | ৩:৩৯ অপরাহ্ন


চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে মূল অভিযুক্ত ওই নারীর স্বামী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত নারীর নাম পারভীন আক্তার (২৬)। তিনি এলাকার কুখ্যাত মাদক কারবারি মো. জাহাঙ্গীর আলমের (৩৬) স্ত্রী এবং মাদক ব্যবসার সহযোগী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালীপুর ইউনিয়নের গুণাগরী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী নিশ্চিত হয় যে, কুখ্যাত মাদক কারবারি মো. জাহাঙ্গীর আলম নিজ বাড়িতে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে তার বাড়িতে ঝটিকা অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। কিন্তু সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর কৌশলে পালিয়ে যায়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে স্ত্রী পারভীন আক্তারকে আটক করা হয়।

তল্লাশিকালে ওই বাড়ি থেকে ১ হাজার পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৩৩০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া মাদক ব্যবসার কাজে ব্যবহৃত বা নজরদারির জন্য রাখা একটি সিসিটিভি ক্যামেরা, একটি ২০ ইঞ্চি মনিটর ও একটি টিভি অ্যাডাপ্টার জব্দ করা হয়। এর বাইরে ৩টি ফাঁকা ও ৩টি লিখিত স্ট্যাম্প, ৪টি মোবাইল ফোন, ৪টি সিম কার্ড এবং ১ লাখ টাকার একটি চেক উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত দেখে ধারণা করা হচ্ছে, জাহাঙ্গীর ও তার স্ত্রী বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে কঠোর নজরদারির মাধ্যমে মাদক ব্যবসা পরিচালনা করতেন। এছাড়াও স্ট্যাম্প ও চেক উদ্ধারের ঘটনায় মাদক ব্যবসার পাশাপাশি তারা সুদের কারবার বা দাদন ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারেন বলেও সন্দেহ করা হচ্ছে।

আটককৃত পারভীন আক্তারকে উদ্ধারকৃত আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

বাঁশখালী সেনা ক্যাম্পের কমান্ডার জানিয়েছেন, এলাকায় মাদক নির্মূল ও শান্তিশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।