সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু হবে: এনাম

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৫ ফেব্রুয়ারী ২০২৬ | ৬:৪৬ অপরাহ্ন


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলে দেশের নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ ব্যবস্থা চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এনামুল হক এনাম। তিনি বলেছেন, রাষ্ট্র মেরামতে তারেক রহমানের যে পরিকল্পনা রয়েছে, তা বাস্তবায়িত হলে বাংলাদেশের প্রতিটি মানুষ উপকৃত হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

গণসংযোগকালে এনামুল হক এনাম বলেন, “তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’, এবং সবার জন্য ‘হেলথ কার্ড’ চালু করা হবে। এছাড়া ইমাম ও মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের পুরোহিতদের জন্যও বিশেষ ভাতার ব্যবস্থা করা হবে।”

তিনি আরও বলেন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত পটিয়া গড়াই তার লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তিনি সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-অর্থ সম্পাদক ও নির্বাচনী কমিটির অন্যতম সদস্য মোরশেদুল শফি হিরু, মফজল আহমদ চেয়ারম্যান, পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাইফুদ্দীন, সদস্য মো. ইসমাইল, মহানগর বিএনপি নেতা শহিদুল ইসলাম, বিএনপি নেতা মাহবুবুর রহমান, মুজিবুর রহমান, জেলা যুবদল সহ-সভাপতি শফিকুল ইসলাম, বিএনপি নেতা আবু বক্কর, মো. বেলাল, হাফিজুর রহমান, মঞ্জুর, ফরিদ চেয়ারম্যান, স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল হক, মো. আলাউদ্দীন, লিটন, আশরাফ, আইয়ুব, জাহাঙ্গীর, সোলায়মান, ছফুর এবং ছাত্রদল নেতা মাসুদ, আলভী, ফরহাদ, রিশাদ, শাহাদাত হোসেন, রবিউল ও ফয়সাল প্রমুখ।