সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

খাগড়াছড়িতে জামায়াতের জনসভায় চমক: চাকমা সম্প্রদায়ের শতাধিক যুবকের যোগদান

খাগড়াছড়ি প্রতিনিধি | প্রকাশিতঃ ৫ ফেব্রুয়ারী ২০২৬ | ৯:৩৮ অপরাহ্ন


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়িতে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এই জনসভায় পাহাড় ও সমতলের বৈষম্য দূর করে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। জনসভার শেষ পর্যায়ে রাজনৈতিক অঙ্গনে চমক সৃষ্টি করে চাকমা সম্প্রদায়ের শতাধিক যুবক আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে খাগড়াছড়ি ঈদগাঁ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ব্যালটের মাধ্যমে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে। ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সুশাসন ও মানবিক রাষ্ট্র গড়তে দেশে এখন নতুন রাজনৈতিক ধারার সরকার প্রয়োজন। তিনি বিএনপির সমালোচনা করে দলটির অতীতের চাঁদাবাজি ও সহিংসতার কথা তুলে ধরেন। একইসঙ্গে তিনি আশ্বাস দেন যে, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাঙ্গামাটি জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য অধ্যাপক আব্দুল আলিম এবং বান্দরবান জেলা আমীর মাওলানা এ এস এম আব্দুস ছালাম আজাদ।

জনসভায় আরও বক্তব্য রাখেন ১১ দলীয় জোট সমর্থিত খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী, খাগড়াছড়ি জেলা জামায়াত আমীর অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক এডভোকেট মঞ্জিলা সুলতানা ঝুমা, খাগড়াছড়ি জেলা আহ্বায়ক মো. নুরুল আলম এবং খেলাফত মজলিস জেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসেন মিয়াজীসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা পাহাড় ও সমতলের বৈষম্য দূর করে একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। জনসভায় চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।