
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা জাত ভেদে কোনো বিভাজন হবে না। সবার পরিচয় হবে বাংলাদেশি। আমরা ধর্মের ভিত্তিতে কোনো বিভাজনে বিশ্বাস করিনি এবং করব না। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশি নাগরিকের যে পরিচয়, সাংবিধানিকভাবে আমাদের পাসপোর্টেও তাই লেখা আছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় চা বাগান খ্রিস্টান সম্প্রদায় সমাজের আয়োজনে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মালুমঘাট চা-বাগান ব্যাপ্টিস্ট চার্চ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে তিনি চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে স্থানীয় বিএনপি আয়োজিত বিশাল নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন। সেখানে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির নীতি হচ্ছে একটাই, সেটি হলো দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে থাকবে। তাই আমরা বলছি—সবার আগে বাংলাদেশ।
তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ, আগামীর সরকার হবে ইনশাআল্লাহ বিএনপির সরকার এবং উন্নয়নের সরকার। বিএনপির নেতৃত্বে আগামীর সরকার এ দেশে সুশাসন, ন্যায়বিচার, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। মানবিক মর্যাদার ভিত্তিতে একটি সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য, যেটার স্বপ্ন দেখেছিলেন মুক্তিযোদ্ধারা এবং যেটা ছিল আমাদের গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা। সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে তিনি সবাইকে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
মালুমঘাট এলাকায় চা-বাগান ব্যাপ্টিস্ট চার্চের পালক থিউপিল মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন যোসেফ অমূল্য রায়, মিন্টু দাশ, কাজল মল্লিক, বিএনপি নেতা মাস্টার আনোয়ার হোছাইন, অধ্যক্ষ এ এম ফরিদুল আলম চৌধুরী, গিয়াস উদ্দিন এবং সাংবাদিক এম আর মাহবুব প্রমুখ।
অন্যদিকে ডুলাহাজারা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, অধ্যক্ষ এস এম মনজুর, অধ্যাপক ছাবের আহমদ, অধ্যাপক কুতুবউদ্দিন ও নাজেম উদ্দিন প্রমুখ।