সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বিএনপির ৯ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা

‘ফ্যামিলি কার্ডে’ ২৫০০ টাকা, ১৫ কোটি গাছ ও পেপাল চালু
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৬ ফেব্রুয়ারী ২০২৬ | ৭:১৭ অপরাহ্ন


প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে মাসে আড়াই হাজার টাকার ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’, ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপাল চালুসহ ৯টি প্রধান প্রতিশ্রুতি দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। দলটি বলছে, এই ইশতেহার কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং এটি একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান তুলে ধরে তিনি বলেন, বিএনপি প্রতিশোধ নয়, ন্যায় ও মানবিকতার রাজনীতিতে বিশ্বাস করে। ক্ষমতা নয়, জনগণের অধিকারই বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু।

ইশতেহারে প্রান্তিক মানুষকে সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে। তারেক রহমান ঘোষণা করেন, নির্বাচিত হলে ‘ফ্যামিলি কার্ড’ চালু করে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। অর্থের এই পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। এছাড়া কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে ভর্তুকি, সহজ ঋণ ও কৃষিবিমা চালু করা হবে। মৎস্যচাষী ও খামারিরাও এই সুবিধার আওতায় আসবেন।

তরুণদের ভবিষ্যৎ নিশ্চিতে কর্মসংস্থান সৃষ্টি ও কারিগরি দক্ষতা উন্নয়নে বিশেষ জোর দিয়েছে বিএনপি। ইশতেহারে বলা হয়েছে, ডিজিটাল অর্থনীতি ও বৈশ্বিক সংযোগ বাড়াতে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম ‘পেপাল’ চালু করা হবে। এছাড়া ই-কমার্সের আঞ্চলিক হাব স্থাপন এবং স্টার্টআপ ও উদ্যোক্তাদের সহায়তার মাধ্যমে মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করা হবে।

মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। শিক্ষাক্ষেত্রে ‘মিড-ডে মিল’ চালু এবং বাস্তব দক্ষতাভিত্তিক শিক্ষানীতি প্রণয়নের কথা বলা হয়েছে। পরিবেশ রক্ষায় ৫ বছরে ১৫ কোটি বৃক্ষরোপণ এবং ১০ হাজার কিলোমিটার নদী-খাল খননের মহাপরিকল্পনা ঘোষণা করা হয়েছে।

ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের (ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত) জন্য সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি দিয়েছে দলটি। এছাড়া ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তুলতে জেলা-উপজেলা পর্যায়ে অবকাঠামো বাড়ানোর কথা বলা হয়েছে।

ইশতেহার ঘোষণার সময় তারেক রহমান বলেন, লুটপাট নয়, উৎপাদন; ভয় নয়, অধিকার; বৈষম্য নয়, ন্যায্যতা—এই নীতিতেই রাষ্ট্র পরিচালিত হবে। জনগণের রায়ে দায়িত্ব পেলে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে ভোটের মর্যাদা থাকবে এবং আইনের ঊর্ধ্বে কেউ থাকবে না।