
আসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নে ব্যাপক শোডাউন করেছে জামায়াতে ইসলামী। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে জামায়াতের প্রার্থী ডা. ফরিদুল আলমের সমর্থনে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এই গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
বিকেলে জিরি কৈয়গ্রাম থেকে শুরু হয়ে একটি বিশাল গণমিছিল ভেল্লাপাড়া পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি প্রধান সড়কগুলো ঘোরার পর পুনরায় কৈয়গ্রাম বাজারে এসে শেষ হয় এবং সেখানে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
জিরি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি জিয়া উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, এবার মানুষ পরিবর্তনের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে রায় দেবে। দেশে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এবং গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়ে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে তারা সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন, দেশের মানুষ আর কোনো বৈষম্য চায় না, তারা এখন ইনসাফভিত্তিক সমাজ চায়।
পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জামায়াত নেতা মো. জসিম উদ্দিন, মো. হেলাল উদ্দিন, আবু সাঈদ, আবু তাহের, মো. ওমর ফারুক, হাফেজ মো. দিদার, মো. আবু বকর, মো. মোহসিন, মো. রহমত উল্লাহ, সৈয়দ ইসমাইল এবং মো. সাইফুদ্দীন প্রমুখ। নেতারা ডা. ফরিদুল আলমের সালাম ও বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কর্মীদের নির্দেশ দেন।