সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বাঁশখালীতে সেনা অভিযানে ‘লেদু বাহিনী’র প্রধান জমির গ্রেপ্তার

পোস্টার সাঁটিয়েও কাজ হয়নি, অবশেষে সেনাসদস্যদের হাতে ধৃত, উদ্ধার পিস্তল ও গুলি
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৭ ফেব্রুয়ারী ২০২৬ | ১:২৬ অপরাহ্ন


চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের এক আতঙ্কের নাম ছিল ‘লেদু বাহিনী’ ও তার প্রধান জমির উদ্দিন ওরফে জমির ডাকাত। দীর্ঘ প্রায় তিন দশক ধরে যার ভয়ে তটস্থ থাকত পুরো এলাকাবাসী, অবশেষে সেই কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় তৈরি পিস্তল, দুটি তাজা গুলি ও একটি রামদা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৯৯৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত জমির উদ্দিনের বিরুদ্ধে বাঁশখালীসহ আশেপাশের থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে অন্তত ৩৫টি মামলা রয়েছে। এর মধ্যে অন্তত ১৫টি মামলায় তিনি সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং ১১টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইলশা গ্রামের নুরুল ইসলাম প্রকাশ লাতুর ছেলে।

স্থানীয়রা জানান, জমির উদ্দিন ও তার সহযোগী আবদুল করিম ওরফে লেদুর নেতৃত্বে গড়ে ওঠা ‘লেদু বাহিনী’ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গ্রামবাসী গ্রেপ্তারের দাবিতে এলাকায় পোস্টার-ব্যানারও সাঁটিয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত এই সন্ত্রাসীর বিরুদ্ধে র‍্যাবের কাছে অভিযোগ করেও এতদিন কোনো সুরাহা পায়নি এলাকাবাসী। অবশেষে নির্বাচনের আগমুহূর্তে সেনাবাহিনীর এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

অভিযান প্রসঙ্গে বাঁশখালী সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আন্দালিব কবীর জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সম্ভাব্য অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার আশঙ্কায় তাকে নজরদারিতে রাখা হয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় বাহারছড়া ইউনিয়নের একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ নিশ্চিত করেছেন যে, সন্ত্রাসী জমিরকে আটক করে উদ্ধারকৃত অস্ত্রসহ থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর শনিবার (৭ ফেব্রুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।