সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

নির্বাচনের দিন পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার অনুরোধ বিএনপি প্রার্থীর

ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্নে চটলেন সরওয়ার নিজাম: ‘তো কী হয়েছে? ফোন রাখেন’
জিন্নাত আয়ুব | প্রকাশিতঃ ৭ ফেব্রুয়ারী ২০২৬ | ২:৪৭ অপরাহ্ন


চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের নির্বাচনী মাঠ এখন সরগরম এক অদ্ভুত আহ্বানে। বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম প্রকাশ্য জনসভায় হাত জোড় করে অনুরোধ জানালেন—অন্তত আগামী ১২ তারিখ পর্যন্ত যেন চাঁদাবাজি বন্ধ রাখা হয়!

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় তিনি এই বিচিত্র আহ্বান জানান, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

মাত্র ৫৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, আনোয়ারার অর্থনৈতিক হৃদপিণ্ড হিসেবে পরিচিত চাতুরী এলাকার গুরুত্ব তুলে ধরছেন সরওয়ার জামাল নিজাম। তিনি অভিযোগ করেন, ব্যবসা-বাণিজ্য ও মানুষের আয়ের ওপর নির্ভরশীল এই এলাকায় বর্তমানে চাঁদাবাজি ও নৈরাজ্য চরম আকার ধারণ করেছে।

এরপরই তিনি অনেকটা নাটকীয়ভাবে জানান, “দুই হাত জোড় করে বলছি—এই ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না।” পাশাপাশি তিনি এও হুঁশিয়ারি দেন যে, বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনার ঝড়। কেউ কেউ একে নির্বাচনী পরিবেশ নিয়ে প্রার্থীর অসহায়ত্ব ও উদ্বেগের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।

আবার অনেকের প্রশ্ন, একজন প্রার্থীর মুখে ‘১২ তারিখ পর্যন্ত’ সময় বেঁধে দেওয়ার মানে কী? তবে কি এরপর চাঁদাবাজি জায়েজ? এটি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।

এদিকে ঘটনাটি নিয়ে সরওয়ার জামাল নিজামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বেশ বিরক্তি প্রকাশ করেন। ভাইরাল ভিডিওর প্রসঙ্গ তুলতেই তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, “তো কী হয়েছে? কী করতে হবে?” তিনি সাফ জানিয়ে দেন, “আমি এখন প্রচারণায় আছি, ফোন রাখেন।”

প্রার্থীর এমন মন্তব্যে জনমনে কৌতূহল ও মিশ্র প্রতিক্রিয়া আরও দানা বেঁধেছে।