সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়ায় র‍্যাবের অভিযান: বাস থেকে নামিয়ে ১৯ হাজার ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৭ ফেব্রুয়ারী ২০২৬ | ৩:০৮ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) এর একটি বিশেষ অভিযানে ১৯ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মনসা চৌমুহনী এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৫৭ লাখ টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন—কক্সবাজার জেলার সদর থানা এলাকার মো. আমিরের পুত্র আনোয়ার হোসেন (২০) এবং চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের মৃত আশরাফ মিয়ার পুত্র শরীয়ত উল্লাহ (২০)।

র‌্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে যাত্রীবাহী বাসে করে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে মনসা চৌমুহনী এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান শুরু করে র‍্যাবের একটি আভিযানিক দল। এ সময় সন্দেহভাজন হিসেবে আনোয়ার হোসেন ও শরীয়ত উল্লাহকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা ব্যাগ তল্লাশি করে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) যুযুৎস যশ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, র‌্যাব-৭ শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৭ লাখ ৫২ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।