
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ১২ই ফেব্রুয়ারির বহুল প্রতীক্ষিত নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। তিনি এই নির্বাচনকে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে অভিহিত করে বলেন, এই নির্বাচনের মাধ্যমেই দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের বাঁক বদলে যাবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তবে শনিবারের এই জনসভায় এক ভিন্ন আমেজ তৈরি হয় যখন প্রথমবারের মতো বাবার নির্বাচনী মঞ্চে ওঠেন সালাহউদ্দিন আহমদের ছেলে সাঈদ ইব্রাহিম আহমদ। তিনি বাবার পক্ষে জনতার কাছে দোয়া ও ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এ সময় উপস্থিত জনতা সাঈদ ইব্রাহিম আহমদকে করতালির মাধ্যমে উষ্ণ শুভেচ্ছা জানান।
জনসভায় সালাহউদ্দিন আহমদ বিএনপির উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, দেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাতকে কর্মের হাতে পরিণত করতে চায় বিএনপি। যার ফলে দেশে কোনো বেকার থাকবে না। এছাড়া নারীর ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের ‘কৃষি কার্ড’ এবং চিকিৎসা সেবা নিশ্চিতে ‘হেলথ কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। স্থানীয় দাবির প্রেক্ষিতে তিনি ক্ষমতায় গেলে মাতামুহুরী উপজেলা বাস্তবায়ন এবং লবণের ন্যায্যমূল্য নির্ধারণ করাসহ নানা প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি বলেন, ধানের শীষ হলো মানুষের এবং গণতন্ত্রের মার্কা। দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির স্বার্থে আগামী ১২ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে শনিবার সকালে চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নে গণসংযোগ করেন সালাহউদ্দিন আহমদ। সেখানে একটি পথসভায় যোগ দিয়ে তিনি বলেন, দেশের সব ধর্ম-বর্ণের মানুষকে সাথে নিয়ে তারুণ্যের ভাবনাকে ধারণ করে দেশ নিয়ে পরিকল্পনা সাজিয়েছে বিএনপি। দল যতবার ক্ষমতায় এসেছে ততবারই দেশের উন্নয়ন, অগ্রগতি ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছে। যতবার গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে, ততবারই গণতন্ত্র রক্ষা করেছে বিএনপি।
দিনব্যাপী এসব কর্মসূচিতে সালাহউদ্দিন আহমদের সঙ্গে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন তার সহধর্মিণী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমদ, তাদের পুত্র সাঈদ ইব্রাহিম আহমদ, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী এবং সুরাজপুর সাংগঠনিক ইউনিয়ন বিএনপির সভাপতি মৌলভী জয়নাল আবেদীনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।