সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বিজয়ী হলে রাউজানের হারানো শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি গিয়াস কাদেরের

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৭ ফেব্রুয়ারী ২০২৬ | ৯:১০ অপরাহ্ন


চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো ঘাপটি মেরে আছে। নির্বাচনে বিজয়ী হলে রাউজানের হারানো শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার এবং এলাকাকে সন্ত্রাসমুক্ত করার কঠোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ৭ নম্বর রাউজান সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পূর্ব রাউজানের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, তার কিছু দোসরও চলে গেছে। তবে শতকরা ১ ভাগ গেলেও বাকিরা কিন্তু রয়ে গেছে। নির্বাচনের আর মাত্র কয়েকটি দিন বাকি। তারা নির্বাচন নিয়ে কোনো একটি ষড়যন্ত্র করার জন্য ঘাপটি মেরে বসে আছে। এই ষড়যন্ত্রকারীরাই গত ১৮টি মাস অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থির করে রেখেছিল।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদের বলব আগামী ১২ তারিখ আপনারা আপনাদের গণতান্ত্রিক ও নাগরিক অধিকার প্রয়োগ করবেন এবং তা প্রতিষ্ঠা করবেন। আপনারা যদি ধানের শীষে ভোটের মাধ্যমে সেদিন আমাদের সহায়ক হন, ইনশাআল্লাহ এই দেশে আমরা শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনব। আমার রাউজানকে মুক্ত করব সন্ত্রাস থেকে।

বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাকসুর সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক। সভার উদ্বোধন করেন রাউজান সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো. রাসেল খাঁন, সাবেক ছাত্রনেতা আকতার হোসাইন মেজবাহ ও সংগঠক জুহেল মিয়ার যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাউজান সরকারি কলেজের সাবেক ছাত্রদল নেতা ও রাউজান প্রবাসী ঐক্য পরিষদের সদস্য সচিব মোহাম্মদ তানভির।

জনসভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আবদুল মান্নান মনি, মো. বাহাদুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া, বিএনপি নেতা ফজল কাদের কালু, উপজেলা যুবদল নেতা সাইফুদ্দীন রুবেল, সাবেক ইউপি সদস্য ইকতিয়ার উদ্দিন, মো. আলমগীর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. রিপন, মাওলানা আবদুল মান্নান, রাউজান প্রবাসী ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক ইমশাদুল করিম, মো. ফিরোজ আজমীরী, মো. হাসান, এসকান্দর হোসেন মনা, মেম্বার মো. সাহাবুদ্দিন, সাইমন, শাকিল, রিপন, ছাত্রনেতা আরিফ, সাজ্জাদ, শহিদ ও আরমান প্রমুখ। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন বয়সের বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।