সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

শাসক বদলেছে কিন্তু শোষণের চরিত্র বদলায়নি: হাটহাজারীতে মামুনুল হক

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৭ ফেব্রুয়ারী ২০২৬ | ৯:১৬ অপরাহ্ন


বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক বলেছেন, সন্ত্রাসবাদ ও দুর্নীতিকে চিরতরে বিদায় জানাতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দেশের রাজনীতিকে কলুষমুক্ত করার লক্ষ্যে আজ ১১টি দল ঐক্যবদ্ধ হয়েছে। এই জোটের পক্ষে সারাদেশে একটি ঐতিহাসিক গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি এক ঐতিহাসিক ব্যালট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের পুরোনো দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতির অবসান ঘটবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের ‘রিকশা’ প্রতীকের প্রার্থী মাওলানা নাছির উদ্দীন মুনীরের সমর্থনে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশের কাঁধে দুটি ভয়াবহ ভূত চেপে বসেছে। একটি হলো গুন্ডামি ও সন্ত্রাসতন্ত্র, আর অন্যটি হলো দুর্নীতি ও লুটপাটতন্ত্র। গত চুয়ান্ন বছরে বাংলাদেশের ইতিহাস হলো—এদেশে শাসকের পরিবর্তন ঘটেছে বারবার, কিন্তু শোষণের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। স্বাধীনতার আগে বিদেশি শাসকেরা এ দেশের সম্পদ লুট করে নিজেদের দেশে নিয়ে যেত। আর এখন দেশের শাসকরাই এ দেশের সম্পদ বিদেশে পাচার করে দিচ্ছে।

জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাই যোদ্ধারা জীবন ও রক্ত দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে। দেড় হাজার মায়ের কোল শূন্য হয়েছে, ত্রিশ হাজারের বেশি যোদ্ধা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে। তাদের স্বপ্ন ছিল এমন একটি বাংলাদেশ, যেখানে পেশিশক্তির আধিপত্য, চাঁদাবাজি ও লুটপাট থাকবে না; বরং দেশের সম্পদ দিয়েই মানুষের ভাগ্য পরিবর্তন হবে।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে সারা বাংলাদেশে এক নতুন প্রত্যাশার আওয়াজ উঠেছে। মানুষ বলছে অন্য সব দলকে আমরা বহুবার দেখেছি, এবার আমরা ১১ দলীয় ঐক্যজোটকে দেখতে চাই। গত ১৮ বছর যারা ক্ষমতায় ছিল, তাদের লোভ, সিন্ডিকেট ও দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ধ্বংসের মুখে পড়েছে।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে, তবে জনগণের ঐক্য ও সচেতনতার কাছে সব অপচেষ্টা ব্যর্থ হবে। হাটহাজারীতে সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ গড়তে হলে নাছির উদ্দীন মুনীরকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত প্রার্থী মাওলানা নাছির উদ্দীন মুনীর বলেন, ১২ তারিখের নির্বাচনে মানুষ সন্ত্রাস, চাঁদাবাজ, আধিপত্যবাদ ও দুর্নীতির বিরুদ্ধে গণরায় দেবে। হাটহাজারীর উন্নয়নের পক্ষে মানুষ রিক্সা মার্কা প্রতীককে বিজয়ী করবে ইনশাল্লাহ।

হাটহাজারী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা যুববিভাগের সভাপতি আসলাম মোরশেদ, এবি পার্টির মো. রিদওয়ান ও এনসিপির মো. এয়াকুব ওয়াসিফের যৌথ সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন—চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি ও ফটিকছড়ি আসনের প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন, বাংলাদেশ নেজামী ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর আলহাজ্ব আবদুর রহমান চৌধুরী, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের প্রার্থী মো. শাহজাহান মঞ্জু, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আলী ওসমান, উত্তর জেলা সভাপতি মুফতী শিহাব উদ্দীন, জামায়াতে ইসলামীর মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা শুরা সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির চবি সেক্রেটারি মোহাম্মদ পারভেজ, এবি পার্টির উত্তর জেলা আহ্বায়ক ন ম জিয়াউল হক চৌধুরী প্রমুখ।