
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিম বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে জন্য উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। তিনি প্রশাসন ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনে যেন কেউ প্রভাব বিস্তার করতে না পারে, সে জন্য একটি প্রভাবমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা জরুরি।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাঙ্গুনিয়া পাইলট স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশ ও মিছিলে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে ডা. রেজাউল করিম এলাকার উন্নয়ন প্রসঙ্গে মন্তব্য করেন। তিনি দাবি করেন, রাঙ্গুনিয়ার দৃশ্যমান উন্নয়ন স্থানীয়দের উদ্যোগ ও নেতৃত্বেই বাস্তবায়িত হয়েছে। উদাহরণ হিসেবে তিনি গোডাউন ব্রিজ ও উত্তর রাঙ্গুনিয়া সড়কের কথা উল্লেখ করে বলেন, যেসব উন্নয়ন কাজ মানুষ দেখছে, সেগুলো স্থানীয়দের হাত ধরেই হয়েছে। এলাকার সমস্যা ও মানুষের চাহিদা সম্পর্কে ধারণা আছে—এমন নেতৃত্ব থাকলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা সহজ হয়।
তিনি আরও বলেন, রাঙ্গুনিয়ার উন্নয়নকে টেকসই করতে হলে মানুষের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এজন্য এলাকার বাস্তবতা বোঝে—এমন নেতৃত্ব প্রয়োজন। এ সময় তিনি নির্বাচিত হলে শিক্ষা, সড়ক, স্বাস্থ্য, পরিবেশ ও কৃষিখাতে উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন এবং দল-মত নির্বিশেষে সবার অংশগ্রহণে কাজ করার প্রতিশ্রুতি দেন।
সমাবেশ শেষে পাইলট স্কুল মাঠ থেকে নেতাকর্মীদের নিয়ে একটি বিশাল নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলটি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে গোডাউন এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে ১১ দলীয় জোটের বিভিন্ন দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।