সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সৎ নেতৃত্বই পারে বঞ্চনার চিত্র পাল্টাতে: বদরখালীতে আব্দুল্লাহ আল ফারুক

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ৮ ফেব্রুয়ারী ২০২৬ | ৮:৫৩ অপরাহ্ন


কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেছেন, বৈষম্যহীন ও পরিবর্তনের বাংলাদেশ গড়তে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়া এখন সময়ের দাবি। তিনি বলেন, ‘সৎ ও খোদাভীরু যোগ্য নেতৃত্বই পারে উন্নয়নবঞ্চিত উপকূলীয় এলাকার চিত্র পাল্টে দিতে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে মানবিক বাংলাদেশ গড়ার জন্য বিজয়ের প্রতীকে ভোট দিন।’

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই সমাবেশে স্থানীয় জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

আব্দুল্লাহ আল ফারুক তাঁর বক্তব্যে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের ওপর জোর দেন। তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হলে মানুষের অধিকার নিশ্চিত হবে এবং রাষ্ট্রীয় সম্পদ লুটের পথ বন্ধ হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম ও জামায়াত নেতা আরিফুর রহমান চৌধুরী মানিক। বক্তারা বলেন, বিগত দিনে উপকূলীয় এই জনপদ যে বঞ্চনার শিকার হয়েছে, তা দূর করতে হলে সৎ নেতৃত্বের বিকল্প নেই।

জনসভায় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুছা ইবনে হোসাইন বিপ্লব, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা সেক্রেটারি মুহাম্মদ হোসনে মোবারক, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মামুনুর রশিদ, জামায়াত নেতা মাওলানা আবুল বাশার এবং এম. ওমর আলীসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।