সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

টিকটক বানাতে দাঁড়িপাল্লার প্রচারগাড়ির সামনে আগুন, চালকের কারাদণ্ড

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৮ ফেব্রুয়ারী ২০২৬ | ৯:৩৯ অপরাহ্ন


চট্টগ্রামের সন্দ্বীপে নির্বাচনী প্রচারে ব্যবহৃত একটি অটোরিকশার সামনে আগুন জ্বালিয়ে ভিডিও ধারণের দায়ে এক যুবককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম তাফসিরুল ইসলাম। তিনি উপজেলার মগধরা ইউনিয়নের বাসিন্দা এবং ওই অটোরিকশাটির চালক।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মগধরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন তাঁকে এই দণ্ড দেন। একই ঘটনায় আটক অপর এক কিশোরকে বয়স বিবেচনায় সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় মগধরা ইউনিয়নের একটি গ্রামীণ রাস্তায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারে নিয়োজিত ওই অটোরিকশাটি দাঁড়িয়ে ছিল। এ সময় অটোরিকশার চালক ও তাঁর সহকারী গাড়ি থেকে নেমে রাস্তার ওপর কিছু খড়কুটো জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেন। এরপর আগুনের পাশে দাঁড়িয়ে তাঁরা ভিডিও ধারণ করছিলেন। বিষয়টি নজরে এলে স্থানীয় বিএনপির কয়েকজন কর্মী তাঁদের কাছে আগুন জ্বালানোর কারণ জানতে চান। একপর্যায়ে ওই দুজনকে আটক করে পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অটোরিকশার চালক ও তাঁর সহকারী প্রচারগাড়ির কাছে আগুন জ্বালানোর বিষয়টি স্বীকার করেছেন। জনমনে আতঙ্ক সৃষ্টি ও বেআইনি কর্মকাণ্ডের দায়ে চালককে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে সন্দ্বীপে দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান এজেন্ট মো. ওয়ালিদুল ইসলাম বলেন, ‘রাস্তায় খড়কুটো জড়ো করে আগুন জ্বালানো একটি অপরাধ। প্রশাসনের সঙ্গে কথা বলে জেনেছি, গাড়ির চালক টিকটকের জন্য রাস্তায় দাঁড়িয়ে আগুন পোহানোর ভিডিও বানাচ্ছিলেন।’ তিনি স্পষ্ট করে বলেন, প্রচারকাজের জন্য গাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল। এর চালক ও সহকারী জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত নন।