সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

অন্যায়ভাবে বহিষ্কৃত সব চেয়ারম্যানকে পুনর্বহাল করা হবে: চকরিয়ায় আব্দুল্লাহ আল ফারুক

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ৮ ফেব্রুয়ারী ২০২৬ | ১১:০১ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক এক বড় প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেছেন, নির্বাচিত হলে চকরিয়া ও পেকুয়া উপজেলার যেসব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে, তাদের স্বপদে পুনর্বহাল করা হবে এবং তাদের হারানো সম্মান ফিরিয়ে দেওয়া হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মগবাজারে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল্লাহ আল ফারুক অভিযোগ করে বলেন, দেশের পটপরিবর্তনের পর দেশের কোথাও গণহারে জনপ্রতিনিধিদের অপসারণ করা হয়নি। কিন্তু চকরিয়া ও পেকুয়া উপজেলায় ক্ষমতার প্রভাব খাটিয়ে বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিদের বহিষ্কার করা হয়েছে।

ভোটারদের আশ্বস্ত করে তিনি বলেন, আমি কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে পদ কেড়ে নেওয়া সকল চেয়ারম্যানকে তাদের জায়গায় পুনর্বহাল করা হবে এবং তাদের সম্মান ফিরিয়ে দেওয়া হবে।

জনসভায় স্থানীয় সরকার প্রতিনিধিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এতে আরও বক্তব্য দেন চকরিয়া পৌরসভার আমীর আরিফুল কবির, সেক্রেটারি মাওলানা কুতুবউদ্দিন হেলালী, বরইতলী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ বাবর, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার এবং জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুছা বিপ্লব।

বক্তারা আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।