
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বিএনপির প্রার্থী ও প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, যারা দীর্ঘ সময় ধরে তার দলের নেতাকর্মী ও সমর্থকদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে, তারা এখন আর এলাকায় নেই; তারা দেশ ছেড়ে পালিয়েছে। বুক ফুলিয়ে বলতে পারি, যারা নির্যাতন করেছিল তারা এখন দিল্লিতে বসবাস করছে। আর সেই কারণেই রাঙ্গুনিয়ার মানুষ আবারও শান্তি ও স্বস্তি ফিরে পেয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ইছাখালি মুহাম্মদপুর এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুম্মাম কাদের চৌধুরী নিজের রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে বলেন, আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে। দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় আছি। অতীতে আমাকে গুম করে কয়েক মাস আটকে রাখা হয়েছিল এবং অবর্ণনীয় নির্যাতনের শিকার হতে হয়েছে। কিন্তু আমি দমে যাইনি। বাবার শুরু করা রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি স্পষ্ট করে বলেন, যারা এত বছর ধরে দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন করেছে, তাদের ভোট আমি চাই না। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটারদের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। রাঙ্গুনিয়ায় বালু ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দৌরাত্ম্য রোধে তিনি কঠোর অবস্থানে থাকবেন এবং এলাকায় স্থায়ী শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করবেন।
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন শাহর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এ কে এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সামানজার খান। তিনি রাঙ্গুনিয়ার উন্নয়নে হুম্মাম কাদের চৌধুরীর পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
মাসুদ রানার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক মো. মাহবুব ছাফা, আবদুল শুক্কুর, যুবদল নেতা নিজাম উদ্দিন, জাহাঙ্গীর আলম, মোরশেদ আলম, তারেক, মাহবুব ও আনোয়ার। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের উপস্থিতিতে বৈঠকটি জনসমাবেশে রূপ নেয়।