সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়ায় রামপুর সমবায় সমিতির নতুন নেতৃত্ব আসছে ৮ এপ্রিল

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ৯ ফেব্রুয়ারী ২০২৬ | ১:০৮ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়া উপজেলার বৃহত্তম সমবায়ী প্রতিষ্ঠান রামপুর সমবায় ও কৃষি উপনিবেশ সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৮ এপ্রিল (বুধবার) এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে সমিতির ২০২৬ সালের নতুন ব্যবস্থাপনা পর্ষদ গঠিত হবে।

সমিতির অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চকরিয়া উপজেলা সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক আজিজুল হক মঞ্জু গত ৫ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিলে স্বাক্ষর করেন। এ সময় তার সঙ্গে ছিলেন কমিটির সদস্য সহকারী সমবায় পরিদর্শক ফারহানা জান্নাত ও সদস্য আকরাম উদ্দিন। এর আগে গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্তের আলোকে আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করা হলো।

ঘোষিত তফসিলে বলা হয়েছে, নির্বাচনের দিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুকপুকুরিয়া এলাকায় অবস্থিত এটিএন পার্ক কমিউনিটি সেন্টার মিলনায়তনে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রামপুর সমবায় ও কৃষি উপনিবেশ সমিতি লিমিটেডের (রেজিঃ নং ২৩৯৯) সদস্যরা এদিন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এবারের নির্বাচনে সমিতির সদস্যরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব বাছাই করবেন। ভোটাররা ব্যালটের মাধ্যমে একজন সভাপতি, একজন সহ-সভাপতি, একজন সম্পাদক এবং ৯ জন পরিচালক নির্বাচিত করবেন।

নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য নির্বাচন কমিটি বা অন্তর্বর্তীকালীন কমিটির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে সমিতির সকল সদস্যের অংশগ্রহণ ও সহযোগিতা চেয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি।