সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

খাগড়াছড়ির দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে যাচ্ছে ভোটের সরঞ্জাম

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি | প্রকাশিতঃ ৯ ফেব্রুয়ারী ২০২৬ | ৭:০১ অপরাহ্ন


খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি জনপদে নির্বিঘ্নে ভোটগ্রহণের জন্য হেলিকপ্টারে করে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানো শুরু হয়েছে। সোমবার সকাল থেকে দীঘিনালা ও লক্ষ্মীছড়ি উপজেলার তিনটি অতি দুর্গম কেন্দ্রের উদ্দেশ্যে ব্যালট বাক্সসহ আনুষাঙ্গিক সামগ্রী পরিবহন শুরু করে নির্বাচন কমিশন। যোগাযোগ ব্যবস্থার দুর্গমতা ও নিরাপত্তার কথা বিবেচনা করে আকাশপথ ব্যবহারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি সংসদীয় আসনের মধ্যে দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি এবং লক্ষ্মীছড়ি উপজেলার শুকনাছড়ি ও বর্মাছড়ি ভোটকেন্দ্রগুলোকে সবচেয়ে দুর্গম ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সড়কপথে যোগাযোগ প্রায় অসম্ভব হওয়ায় এসব কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় সরঞ্জাম পাঠানো হচ্ছে।

জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, কেবল ব্যালট বাক্স বা নির্বাচনী সরঞ্জাম নয়, প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদেরও নিরাপদে কেন্দ্রে পৌঁছে দিতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। ভৌগোলিক প্রতিবন্ধকতা এবং পাহাড়ি পথের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতেই এই বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দুর্গম এই এলাকাগুলোতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় খাগড়াছড়ি আসনে মোট ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এর পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরাও সার্বক্ষণিক টহলে থাকবেন। প্রশাসনের আশা, এই বিশেষ উদ্যোগের ফলে দুর্গম পাহাড়ি এলাকাতেও ভোটাররা সুষ্ঠু ও অবাধ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।