
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে নির্বাচনী প্রচারণায় বড় ধরনের শোডাউন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দীন আহমেদ।
সোমবার বিকেলে চন্দনাইশ গাছবাড়িয়া কলেজ মাঠে আয়োজিত এই বিশাল সমাবেশ ও গণমিছিলে হাজার হাজার মানুষ অংশ নেন। এর মধ্য দিয়ে তিনি নির্বাচনী মাঠে নিজের শক্ত অবস্থানের জানান দিলেন।
বিকেলের দিকে কলেজ মাঠ নেতাকর্মী ও সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। সমাবেশে জসিম উদ্দীন আহমেদ ধানের ছড়া হাতে নিয়ে সমবেত জনতার সামনে প্রতীক প্রদর্শন করেন। এ সময় তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি গাছবাড়িয়া কলেজ মাঠ থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে। মিছিলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। দীর্ঘ এই শোডাউনের ফলে মহাসড়কের দুপাশে উৎসুক জনতা ভিড় জমায়। জসিম উদ্দীন আহমেদ এ সময় হাত নেড়ে এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।