
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়ন থেকে অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত ও পোড়া লাশের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব শিকারপুর গ্রাম থেকে এসব দেহাংশ উদ্ধার করা হয়। লাশের পরিচয় শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শিকারপুর এলাকার সৈয়দ ভিটার পেছনে বৈদ্যুতিক খুঁটির পাশের জমিতে লাশের খণ্ডিত অংশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পুলিশ সেখান থেকে একটি হাত, দুটি পোড়া পা, শরীর থেকে বিচ্ছিন্ন মাথা এবং মেরুদণ্ডের অংশ উদ্ধার করে। লাশের টুকরোগুলো ওই স্থানে ছড়িয়ে-ছিটিয়ে ছিল।
লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মাসুক মিয়া জানান, উদ্ধার করা মাথার ডান চোখ নেই এবং বাম চোখ বন্ধ অবস্থায় ছিল। এছাড়া দুই কান মাথার সঙ্গে লাগানো থাকলেও মুখ ও নাকে জখমের চিহ্ন পাওয়া গেছে। লাশের অংশগুলো পোড়া বলে মনে হচ্ছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দেহাংশগুলো মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর জানান, ঘটনার সময় তিনি এলাকায় ছিলেন না, তবে লোকমুখে লাশের খণ্ডিতাংশ পাওয়ার বিষয়টি শুনেছেন।
এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশের খণ্ডিত অংশ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।