সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

লোহাগাড়ায় ৬০০ সেনাসদস্য মাঠে, ১৫ ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কঠোর নজরদারি

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ২:২৮ অপরাহ্ন


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ এখন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে। ভোটের বাকি আর মাত্র একদিন। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে লোহাগাড়া উপজেলা পরিষদ চত্বর থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে স্বচ্ছ ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর শুরু হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি জানান, লোহাগাড়ায় ৬৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ এবং ৬টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শরীরে ‘বডি ওর্ন ক্যামেরা’ থাকবে।

প্রশাসন সূত্রে জানা গেছে, অধিক ঝুঁকিপূর্ণ ৯টি কেন্দ্র হলো—ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ চাকফিরানী চিংগীশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাকফিরানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা, মল্লিক ছোয়ং সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধলিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লোহাগাড়া শাহপীর এবতেদায়ী মাদ্রাসা ও উত্তর হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে উত্তর আমিরাবাদ, পদুয়া, উত্তর পদুয়া, তৈয়ব আশরাফ ও মাইজবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লোহাগাড়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্র।

নির্বাচন সুষ্ঠু করতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইউএনও সাইফুল ইসলাম জানান, নির্বাচনের মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় ৬০০ সদস্য মোতায়েন থাকছে। এর মধ্যে ৯টি টিম সার্বক্ষণিক টহলে থাকবে এবং রিজার্ভ ফোর্স হিসেবে আরও টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ২ প্লাটুন বিজিবি, র‍্যাব, পুলিশের স্ট্রাইকিং ফোর্স এবং আনসার বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষায় ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন।

চট্টগ্রাম-১৫ আসনে মোট ভোটার ৪ লাখ ৯১ হাজার ৭৮৭ জন। এর মধ্যে লোহাগাড়া উপজেলার ৯টি ইউনিয়নে ভোটার ২ লাখ ৪২ হাজার ১৭১ জন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী— জামায়াতে ইসলামীর শাহজাহান চৌধুরী (দাঁড়িপাল্লা), বিএনপির নাজমুল মোস্তফা আমিন (ধানের শীষ) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শরীফুল আলম চৌধুরী (হাতপাখা)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেজন্য পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।