সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

আনোয়ারায় ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি, নিরাপত্তা নিয়ে শঙ্কা

আনোয়ারা-কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ৫:৩৬ অপরাহ্ন


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র একদিন আগে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভোটের ঠিক আগমুহূর্তে কেন্দ্রের নিরাপত্তা সরঞ্জাম চুরির ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কেন্দ্রটিতে আগে থেকেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা ক্যামেরা দুটি খুলে নিয়ে যায়। বুধবার সকালে বিষয়টি জানাজানি হলে ভোটার ও স্থানীয়দের মধ্যে নিরাপত্তার ঘাটতি নিয়ে প্রশ্ন ওঠে।

ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ভোটের ঠিক আগে এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তিনি সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। কেন্দ্র-সংশ্লিষ্টরা বলছেন, ভোটের পরিবেশ স্বচ্ছ রাখতে এই ক্যামেরা লাগানো হয়েছিল, তবে কারা এটি সরিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ঘটনাটি জানার পরপরই ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবারের মধ্যেই ওই কেন্দ্রে নতুন সিসি ক্যামেরা স্থাপন করা হবে। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। নির্বাচনের আগমুহূর্তে এমন ঘটনায় ভোটারদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা থাকলেও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদারের আশ্বাস দেওয়া হয়েছে।