সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়ায় সংখ্যালঘুদের ভয়ভীতি ও ফ্যামিলি কার্ড বিতরণের অভিযোগ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ৫:৪৮ অপরাহ্ন


চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ভোটের আগের দিন পর্যন্ত স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করে ভোট কেনা হচ্ছে এবং সংখ্যালঘু ভোটারদের কেন্দ্রে না যেতে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতে ইসলামীর নেতা ডা. ফরিদুল আলম। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পটিয়ার একটি রেস্তোরাঁয় আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব অভিযোগ করেন।

দাঁড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে একটি দলের পক্ষে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে, যা ভোটের সঙ্গে শর্তযুক্ত করার অপচেষ্টা। একই সঙ্গে বিভিন্ন স্থানে তার এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে এবং নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াতে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, যাতে তারা ভোটকেন্দ্রে যেতে না পারেন।

প্রশাসনের কাছে নিরপেক্ষ আচরণের দাবি জানিয়ে ডা. ফরিদুল আলম বলেন, “সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট হলে পটিয়া আসনে আমাদের ভূমিধস বিজয় হবে।” তিনি প্রশাসন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান। পাশাপাশি ভোটারদের সব ভয়ভীতি ও প্রলোভন উপেক্ষা করে ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন।

নির্বাচিত হলে পটিয়া হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করা, বর্জ্য ব্যবস্থাপনায় ডাম্পিং স্টেশন স্থাপন, দুটি সরকারি স্কুল প্রতিষ্ঠা এবং বেকার সমস্যা সমাধানসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াত প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট শাহজাহান মুহাম্মদ মহিউদ্দীন, উপজেলা জামায়াতের আমির জসিম উদ্দিন, পৌরসভা আমির সেলিম উদ্দিন, এলডিপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুর রশিদসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।