
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাম্মদ নুরুল আমিনের আইনজীবী প্যানেল। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিগ্যাল প্যানেলের সদস্যরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, প্রার্থীদের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা এবং ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টির মতো বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তারা জানান, এসব অনিয়মের বিষয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আইনজীবীরা প্রশাসন ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনের মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় আইনজীবীরা আদালতের একটি নির্দেশনার প্রসঙ্গ উল্লেখ করে জানান, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ফটিকছড়ি আসনে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের নির্বাচনী ফলাফল স্থগিত থাকবে। নির্বাচনসংক্রান্ত এই আইনি বিষয়গুলো তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন বলে ইঙ্গিত দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। ফটিকছড়ির জনগণ যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইসমাইল গনি, অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস, অ্যাডভোকেট নজরুল, জামায়াত মনোনীত প্রার্থীর আসন পরিচালক আবদুল জব্বার, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক একরামুল হক এবং ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।