সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়া-পেকুয়ায় ৭০০ সেনা, ৫ লাখ ভোটারের রায়ে কে হাসবে?

এম. জিয়াবুল হক | প্রকাশিতঃ ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ৮:৫৮ অপরাহ্ন


রাত পোহালেই বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনে ২৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত নির্বাচনী এলাকায় এখন টানটান উত্তেজনা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। ভোটের মাঠে টহলে থাকছে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশসহ বিশাল আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার বিকেলের মধ্যেই সংসদীয় আসনের ১৭৭টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জামসহ ৩ হাজার ১৯৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা পৌঁছে গেছেন। এর মধ্যে ১৭৭ জন প্রিসাইডিং কর্মকর্তা, ১ হাজার ৬ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ২ হাজার ১২ জন পোলিং অফিসার রয়েছেন। প্রতিটি কেন্দ্রে ১৬ থেকে ১৮ জন পুলিশ ও আনসার সদস্য সশস্ত্র অবস্থায় পাহারায় থাকবেন।

নির্বাচন সুষ্ঠু করতে চকরিয়া ও পেকুয়া উপজেলায় মোট ৭০০ সেনাসদস্য, ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানান, চকরিয়ায় ৪০০-এর অধিক সেনাসদস্য, ৮ প্লাটুন বিজিবি, ১ প্লাটুন র‍্যাব, পুলিশের ১২টি মোবাইল টিম এবং ২ প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম জানান, পেকুয়ার ৪৭টি কেন্দ্রের জন্য ৩০০ সেনাসদস্য, ৫ প্লাটুন বিজিবি, ১ প্লাটুন র‍্যাব ও পুলিশের মোবাইল টিম কাজ করবে। সেখানে ১ জন জুডিশিয়াল ও ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং যৌথ বাহিনীর মহড়া চলছে। বুধবার বিকেলে চকরিয়ার বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামীম কবীর ও ইউএনও শাহীন দেলোয়ারের নেতৃত্বে এই মহড়া অনুষ্ঠিত হয়। প্রশাসন হুঁশিয়ারি দিয়েছে, ভোটগ্রহণকালে কেউ কেন্দ্র দখল বা উশৃঙ্খল আচরণের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজার-১ আসনে মোট ভোটার ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন। এর মধ্যে চকরিয়ায় ৩ লাখ ৮৬ হাজার ৪৯০ জন এবং পেকুয়ায় ১ লাখ ৪৬ হাজার ৫৯৯ জন ভোটার। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির সালাহউদ্দিন আহমদ (ধানের শীষ), জামায়াতে ইসলামীর আব্দুল্লাহ আল ফারুখ (দাঁড়িপাল্লা) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ছরওয়ার আলম কুতুবী (হাতপাখা)।