
রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী তিন প্রার্থীই ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন তারা কে কোথায় ভোটাধিকার প্রয়োগ করবেন।
দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী সাতকানিয়া উপজেলার ছমদরপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন ভোট দেবেন লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সুখছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শরীফুল আলম চৌধুরী সাতকানিয়ার কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম-১৫ আসনে মোট ভোটার ৪ লাখ ৯১ হাজার ৭৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪১০ জন এবং নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৩৭৭ জন। ২০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটকেন্দ্র ১৫৭টি এবং ভোটকক্ষ ৯৫৯টি।
পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য ১৪ হাজার ২৭২ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।