
চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও আংশিক বায়েজিদ) আসনে ভোটের আগের রাতে সংবাদ সম্মেলন করে জামায়াত-শিবিরের কথিত ‘মব’ ও গুজব থেকে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মেখল ইউনিয়নের ইছাপুর বাজারে প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
গিয়াস উদ্দিন বলেন, “ফ্যাসিস্টমুক্ত হওয়ার পর থেকে জামায়াত-শিবির দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে চলেছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনকে সামনে রেখে তারা বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে এবং টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা চালাচ্ছে। তবে হাটহাজারীবাসী এসব অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার রয়েছে।”
সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন চলাকালে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও গুজব রটনাকারীদের ব্যাপারে সতর্ক থাকতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানান। এ সময় তিনি বলেন, চট্টগ্রাম-৫ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল এমপি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে হাটহাজারীকে একটি আদর্শ ও মডেল উপজেলায় পরিণত করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মাওলানা ইমরান সিকদার, সমাজসেবক কাজী মোরশেদুল আলম, গণঅধিকার পরিষদের সভাপতি শোয়ার আহমদ, মেখল বিএনপি সাধারণ সম্পাদক জিএম সাইফুল ইসলাম, জেলা যুবদল নেতা মো. রাশেদ, সহ-সভাপতি জসীম উদ্দীন, আইন বিষয়ক সম্পাদক মো. ইসমাইল ও বিএনপি নেতা মো. রাশেদ প্রমুখ। সংবাদ সম্মেলন শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ কাসেমী।