
ঘড়ির কাঁটায় তখন সকাল ৭টা ২০ মিনিট। ভোটগ্রহণ শুরু হতে বাকি আরও ১০ মিনিট। কিন্তু এর আগেই চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার সকালে নগরীর গুরুত্বপূর্ণ এই আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন উৎসবমুখর চিত্র দেখা যায়।
নগরীর আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্র এবং বাকলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোট শুরুর নির্ধারিত সময় সকাল সাড়ে ৭টার আগেই প্রচুর ভোটার কেন্দ্রে উপস্থিত হয়েছেন। বিশেষ করে আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে ভোটারদের পৃথক দীর্ঘ লাইন চোখে পড়ার মতো ছিল। ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোটকক্ষ খোলার অপেক্ষা করছিলেন।

একই চিত্র দেখা গেছে বাকলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও। সেখানেও সকাল সোয়া ৭টা থেকে ভোটাররা জড়ো হতে শুরু করেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর অনুষ্ঠিত এই নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে বাড়তি আগ্রহ রয়েছে, তা সকালের এই উপস্থিতি থেকেই স্পষ্ট হয়েছে। তরুণ ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সময় সকাল সাড়ে ৭টা থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটারদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছেন।