সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

এস আলমের বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ জামায়াতের শাহজাহান চৌধুরীর

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১২ ফেব্রুয়ারী ২০২৬ | ১১:১১ পূর্বাহ্ন


চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তিনি সাতকানিয়া উপজেলার ছমদর পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহজাহান চৌধুরী বলেন, “শান্তিপূর্ণ পরিবেশেই ভোট দিয়েছি। দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। নির্বাচন যদি সেই মানদণ্ডে অনুষ্ঠিত হয়, তবে জনগণের রায় যাই হোক, তা মেনে নেব।”

তবে ভোটের মাঠের পরিস্থিতি নিয়ে তিনি গুরুতর অভিযোগ তুলেছেন এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল ইসলাম মাসুদের বিরুদ্ধে। তিনি দাবি করেন, “মাসুদ আমাকে নির্বাচনে বাধাগ্রস্ত করতে সর্বশক্তি প্রয়োগ করছেন। আমার কেন্দ্র এলাকায় মাসুদের পক্ষে একজন ব্যক্তি অর্থ বিতরণ করেছেন, যদিও মাসুদ ওই এলাকার ভোটার নন।” বিষয়টি তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছেন বলেও জানান।

সকাল থেকেই ছমদর পাড়া কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। কেন্দ্রজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সক্রিয় উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। প্রশাসন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-১৫ আসনে এখন পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।