সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চট্টগ্রামে ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ভোটার

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১২ ফেব্রুয়ারী ২০২৬ | ১১:৫০ পূর্বাহ্ন


চট্টগ্রামে ভোট দিতে গিয়ে কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মনু মিয়া (৫৫) নামে এক ভোটারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে নগরীর কাজীর দেউড়ি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মনু মিয়া চট্টগ্রাম-১৪ আসনের বাগমনিরাম এলাকার ব্যাটারি গলি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভোট শুরুর পরপরই উৎসাহ নিয়ে কেন্দ্রে উপস্থিত হন মনু মিয়া। লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষায় থাকার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় সঙ্গে থাকা স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের বড় ছেলে শাকিলও তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ভোটের সকালে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে ওই কেন্দ্রে উপস্থিত ভোটার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।