সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রাঙ্গুনিয়ায় উৎসবমুখর ভোট, দুপুর আড়াইটা পর্যন্ত পড়ল ৪০ শতাংশ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১২ ফেব্রুয়ারী ২০২৬ | ৩:১৯ অপরাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে কেন্দ্রগুলোতে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটা পর্যন্ত এই আসনে ৪০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে।

রাঙ্গুনিয়া উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। মোট ভোটার ৩ লাখ ১৩ হাজার ১৬৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬২ হাজার ৪৫ জন, নারী ১ লাখ ৫১ হাজার ১১৮ জন এবং একজন হিজড়া ভোটার রয়েছেন।

সরেজমিনে উত্তর রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের আলমশাহ পাড়া কামিল মাদ্রাসা, দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁও উচ্চ বিদ্যালয়, পূর্ব রাজানগর ও লালানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, নারী-পুরুষ ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন। দীর্ঘ ১৭ বছর পর নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা।

সকাল ৯টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরী। ভোট শেষে তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর পর মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। আমি শুধু দলের এমপি হতে চাই না, সব মতের মানুষের প্রতিনিধি হতে চাই।” তবে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে টাকা বিতরণের চেষ্টার অভিযোগও তুলেন।

অন্যদিকে, ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম সকাল ৯টায় লালানগর ইউনিয়নের আলমশাহ পাড়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন। তিনি পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও শিলক ইউনিয়নে এক কর্মী আহত হওয়া এবং রানীরহাটে এজেন্টের সঙ্গে বাকবিতণ্ডার অভিযোগ করেন।

ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হাছান সকাল সাড়ে ৮টায় বিআইজেড স্কুল কেন্দ্রে ভোট দেন। তিনিও বেতাগী ইউনিয়নে তার এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ করেন।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও নাজমুল হাসান জানান, বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। দুপুর আড়াইটা পর্যন্ত ৪০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।