সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মানিকছড়ি: কড়া নিরাপত্তায় ব্যালট বক্স উপজেলা সদরে স্থানান্তর

আলমগীর হোসেন | প্রকাশিতঃ ১২ ফেব্রুয়ারী ২০২৬ | ৪:৫৪ অপরাহ্ন


পার্বত্য জেলা খাগড়াছড়ির ২৯৮ নং আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অত্যন্ত কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সমতলের জেলাগুলোর তুলনায় এখানকার রাজনৈতিক সমীকরণ কিছুটা ভিন্ন ও জটিল হলেও, এবারের নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

বিশেষ করে মানিকছড়ি উপজেলার বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি এবং দীর্ঘ লাইন দেখা গেছে যা নির্বাচনের উৎসবমুখর পরিবেশ ফুটিয়ে তুলেছে।

এবারের নির্বাচনে খাগড়াছড়ি আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৫ হাজার ৬৮৮ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭৬ হাজার ১৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৬৯ হাজার ৬৭১ জন। এছাড়া এবার নতুন ভোটার হিসেবে যুক্ত হয়েছেন প্রায় ২৭ হাজারের বেশি তরুণ-তরুণী।

দিনভর ভোটগ্রহণ শেষে মানিকছড়ি উপজেলার কেন্দ্রগুলো থেকে ফলাফল ও ব্যালট বক্স অত্যন্ত সতর্কতার সাথে উপজেলা সদরে স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রিজাইডিং অফিসাররা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারায় সিলগালাকৃত ব্যালট বক্সগুলো নিয়ে কন্ট্রোল রুমের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে পুরো সংসদীয় আসনের ২০৩টি ভোট কেন্দ্রেই নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। খাগড়াছড়ির প্রতিটি সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন কঠোর অবস্থানে ছিল।

মানিকছড়ির বিভিন্ন কেন্দ্র থেকে নির্বাচনী সরঞ্জাম স্থানান্তরের সময়ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রাখতে দেখা যায়। উপজেলা কন্ট্রোল রুমে এই ব্যালট বক্সগুলো জমা হওয়ার পর সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।