সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

খাগড়াছড়ি: কড়া নিরাপত্তায় চলছে ভোট গণনা, ফলের অপেক্ষায় প্রার্থীরা

আলমগীর হোসেন | প্রকাশিতঃ ১২ ফেব্রুয়ারী ২০২৬ | ৫:০৬ অপরাহ্ন


পার্বত্য জেলা খাগড়াছড়ির ২৯৮ নং আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। আজ বৃহস্পতিবার বিকেল থেকে মানিকছড়ি উপজেলাসহ আসনের ২০৩টি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে প্রিজাইডিং কর্মকর্তার নেতৃত্বে ভোট গণনা শুরু হয়। এর আগে দিনভর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দেন ভোটাররা।

সরেজমিনে মানিকছড়ি উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোট গণনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে। কেন্দ্রের বাইরে টহল দিচ্ছে সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবি সদস্যরা। ভোটকক্ষগুলোতে প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে ব্যালট বাক্স খুলে প্রতিটি ভোট যাচাই-বাছাই করছেন নির্বাচনী কর্মকর্তারা। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি আসনে এবার মোট ভোটার ৫ লাখ ৪৫ হাজার ৬৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭৬ হাজার ১৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৬৯ হাজার ৬৭১ জন। এবার নতুন ভোটার যুক্ত হয়েছেন প্রায় ২৭ হাজার। সকালে কেন্দ্রগুলোতে নারী ভোটারদের দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মতো।

পাহাড়ের রাজনৈতিক সমীকরণ সমতলের চেয়ে ভিন্ন ও জটিল হলেও এবার এই আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট গণনা শেষে প্রিজাইডিং কর্মকর্তারা ফলাফল শিট তৈরি করে উপজেলা কন্ট্রোল রুমে পাঠাবেন। সেখান থেকেই সহকারী রিটার্নিং কর্মকর্তারা উপজেলাভিত্তিক ফলাফল ঘোষণা করবেন। ফলাফলের অপেক্ষায় এখন অধীর আগ্রহে প্রহর গুনছেন প্রার্থী ও সমর্থকরা।