সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

তৃতীয়বারের মতো এমপি হলেন শাহজাহান চৌধুরী

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৩ ফেব্রুয়ারী ২০২৬ | ১২:০০ পূর্বাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) চূড়ান্ত ফলাফল প্রকাশের মাধ্যমে তার এই জয় নিশ্চিত হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী, শাহজাহান চৌধুরী ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৬১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ২৫ ভোট। এই আসনে অপর প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের শরীফুল আলম চৌধুরী ‘হাতপাখা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলাফলে দেখা যায়, শাহজাহান চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪৫ হাজারেরও বেশি ভোটে এগিয়ে থেকে জয়লাভ করেছেন।

সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার ২০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত চট্টগ্রাম-১৫ আসনটি ঐতিহাসিকভাবে জামায়াতে ইসলামীর ঘাঁটি হিসেবে পরিচিত। আলহাজ্ব শাহজাহান চৌধুরী এর আগে ১৯৯১ ও ২০০১ সালে দুই দফায় এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ২০০৮ সালে জোটের প্রার্থী হিসেবে জামায়াতের নায়েবে আমির শামসুল ইসলাম এখান থেকে জয়ী হন। অন্যদিকে স্বাধীনতার পর বিএনপি প্রার্থী হিসেবে প্রয়াত মোস্তাক আহামদ চৌধুরী এবং ১৯৯৬ সালে কর্নেল (অব.) অলি আহমদ (বীরবিক্রম) এই আসনে জয়লাভ করেছিলেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯১ হাজার ৭৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪১০ জন এবং নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৩৭৭ জন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধিত ছিলেন ১৪ হাজার ২৭২ জন ভোটার। নির্বাচনে মোট ১৫৭টি ভোটকেন্দ্রের ৯৫৯টি ভোটকক্ষে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চূড়ান্ত ফলাফল ঘোষণার মধ্য দিয়ে এই আসনের নির্বাচনী আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।