সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ইসি সচিবের ঘোষণা: বিএনপি জোট ২১২, জামায়াত জোট ৭৭, স্বতন্ত্র ৭

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৩ ফেব্রুয়ারী ২০২৬ | ৩:০১ অপরাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন সচিবালয়ে ফলাফল ঘোষণার সমাপনী বক্তব্যে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান। ঘোষিত ফলাফলে দেখা গেছে, ২০৯টি আসনে জয়লাভ করে এককভাবে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ইসি সচিব আখতার আহমেদ জানান, ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি ও তার মিত্ররা পেয়েছে ২১২টি আসন। এর মধ্যে বিএনপি এককভাবে পেয়েছে ২০৯টি আসন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য পেয়েছে ৭৭টি আসন, যার মধ্যে জামায়াত এককভাবে পেয়েছে ৬৮টি। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৭টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আসনে জয়ী হয়েছে।

অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, খেলাফত মজলিস ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপি ১টি, গণসংহতি আন্দোলন ১টি এবং গণঅধিকার পরিষদ ১টি করে আসনে জয়লাভ করেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আইনি জটিলতা ও আদালতে মামলা চলমান থাকায় চট্টগ্রাম-২ এবং চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। কমিশন জানিয়েছে, এই দুটি আসনের ফল পরবর্তীতে ঘোষণা করা হবে। অন্যদিকে, শেরপুর-২ আসনের ফলাফল ঘোষণা করা হলেও আপাতত এই আসনের গেজেট প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এর আগে গতকাল বৃহস্পতিবার এই তিনটি আসনের ফল স্থগিত রাখার বিষয়ে পৃথক চিঠি জারি করেছিল কমিশন।

এদিকে সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে কত শতাংশ ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট পড়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক হিসাব দেয়নি নির্বাচন কমিশন।