সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বিএনপির ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৩ ফেব্রুয়ারী ২০২৬ | ৮:৪৬ অপরাহ্ন


সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঐতিহাসিক ও অভূতপূর্ব বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানসহ দেশবাসীকে অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ এই অভিনন্দন জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন হওয়ার পর চব্বিশের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় গত ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তা ছিল অবাধ, সুষ্ঠু ও নিরাপদ। জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশ নিয়েছে, যা ইতোমধ্যে দেশবাসীর কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এই বিজয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। তারা প্রত্যাশা করেন, বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা জনগণের আস্থা ও প্রত্যাশার যথাযথ প্রতিফলন ঘটিয়ে দেশ ও জনগণের কল্যাণে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আব্দুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।