সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

হারলেও মাঠ ছাড়েননি জামায়াত নেতা ফারুখ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৪ ফেব্রুয়ারী ২০২৬ | ১০:১৪ অপরাহ্ন


গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিজিত হলেও নির্বাচনী মাঠ ছাড়েননি জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখ। নির্বাচনে পরাজয়ের পর গত দুই দিন ধরে তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছেন এবং সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করছেন।

এই রাজনীতিবিদ কক্সবাজার শহর জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।

নির্বাচনের ফলাফলের তোয়াক্কা না করে আব্দুল্লাহ আল ফারুখ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) তিনি পেকুয়া উপজেলার মগনামা ও রাজাখালী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি স্থানীয় মুরুব্বি ও সাধারণ মানুষের কাছে দোয়া কামনা করেন। পরে তিনি রাজাখালীতে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।

এর আগের দিন শুক্রবার তিনি চকরিয়া উপজেলার হারবাং ও বরইতলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে জনগণের সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজখবর নেন।

উল্লেখ্য, এই আসনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ধানের শীষ প্রতীকে ২ লাখ ১৯ হাজার ৭৫৮ ভোট পেয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আব্দুল্লাহ আল ফারুখ দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ২৫ হাজার ৩১১ ভোট পেয়েছেন।

বিপুল সংখ্যক মানুষ তাকে ভোট দিয়ে সমর্থন জানানোয় তিনি চকরিয়া ও পেকুয়াবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সুখে-দুখে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।