
চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর কাছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
শনিবার দুপুরে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়া এলাকায় এমপির বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. ফখরুদ্দিনের (৩৫) বাড়ি চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টার দিকে ফখরুদ্দিন এমপির বাসভবনে যান। সেখানে নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ সময় তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি যৌথ বাহিনীকে জানান। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করেন।
পরে তল্লাশি চালিয়ে ফখরুদ্দিনের কাছ থেকে সেনাবাহিনীর ইউনিফর্ম পরা একাধিক ভুয়া ছবি, একটি মোবাইল ফোন এবং মানিব্যাগে রাখা বিভিন্ন পরিচয়পত্র ও ছবি উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফখরুদ্দিন এনএসআই কর্মকর্তা সেজে চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।